ময়মনসিংহ প্রতিনিধিঃ
“কিছু মানুষের ভাগ্য উন্নয়নে নষ্ট হচ্ছে লাখো মানুষের ভবিষ্যৎ। হাতে গোনা কয়েকজনের স্বার্থে সরকারের হাজার কোটি টাকার সড়ক ধ্বংস হতে দেওয়া হবে না। এভাবেই অবৈধ বালু উত্তোলন, মাদক ও সীমান্ত দিয়ে গরু চোরাচালানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল।
শনিবার হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির আয়োজনে পরিচ্ছন্ন ও সবুজ হালুয়াঘাট বিনির্মাণে আলোচনা ও করণীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রুবেল বলেন, সীমান্ত দিয়ে গরু চোরাচালান ও মাদকের বিস্তার কোনোভাবেই সহ্য করা হবে না। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
বালু উত্তোলনের বিষয়ে তিনি বলেন, কিছু মানুষের আর্থিক লাভের জন্য ভারী ট্রাক চলাচলে সরকারের হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে অল্প কয়েকজন লাভবান হলেও লাখো সাধারণ মানুষের যাতায়াত, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
জনস্বার্থবিরোধী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
সভায় বক্তারা পরিচ্ছন্ন ও সবুজ হালুয়াঘাট গড়ে তুলতে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, জনসচেতনতা বৃদ্ধি, ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।
Bijoy71TV Bijoy71TV