
মোঃ মাহিম আল খোকন ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ রাসেল (২৮) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে একটি স্কুল ব্যাগ ভর্তি অবৈধ মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আকবর আলীর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) জনাব আরাফাত রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান খানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমান। ৩ জুলাই (বুধবার) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ধোবাউড়া থানাধীন এরশাদ বাজার এলাকায় অবস্থানকালে তিনি গোপন সূত্রে জানতে পারেন যে, একটি মোটরসাইকেলযোগে ভারতীয় মদ পাচার করা হচ্ছে।
পরে চন্দ্রকোনা এলাকায় ওয়ার্ল্ড ভিশনের পুরাতন সমিতি ঘরের সামনের কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। তার কাছ থেকে একটি স্কুল ব্যাগে রাখা ১০ বোতল McDowell’s No.1 Luxury ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
এই ঘটনায় এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমান বাদী হয়ে ধোবাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারা অনুসারে মামলা দায়ের করেন। (মামলা নম্বর-০২, তারিখ- ০৪/০৭/২০২৫)। পরে গ্রেফতারকৃত আসামিকে একই দিন আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
Bijoy71 TV Bijoy71 TV