ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

হালুয়াঘাট থেকে আবদুল আউয়ালঃ

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মেঘালয় পুলিশ কর্তৃক আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ৬ টার দিকে হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্ত এলাকার মেইন পিলার ১১২০ এর নিকট ২২ বিএসএফ ব্যাটালিয়নের যাত্রাকোনা ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ১০ বাংলাদেশিকে তেলিখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

হালুয়াঘাট থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ মে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার এসব ব্যক্তি পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রম করে মেঘালয় রাজ্যে প্রবেশ করেন। পরে মেঘালয় পুলিশ তাদের আটক করে। বিষয়টি জানাজানি হলে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ শুরু হয়। পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

See also  হালুয়াঘাটে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নারী, থানায় অভিযোগ

হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন মোঃ মুক্তার হোসেন (৪৫), মোঃ শাহজামাল হক (৩১), মোঃ আনিছুর রহমান (৩৩), মোঃ কামাল হোসেন (২০), শ্রী সিপেন (৪০), মোঃ ইব্রাহিম আলী (৪৬), মোঃ নওশাদ আলী (২২), মোঃ আকবর আলী (৩১), মোঃ জহিরুল ইসলাম (৪৬) ও মোঃ শাকিম উদ্দিন (৩৮)। তাদের সকলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায়।

See also  রক্তাক্ত শুক্রবার, ফুলপুর-তারাকান্দায় মহাসড়কে একদিনেই নিভে গেল ৮ প্রাণ

এজাহারে উল্লেখ করা হয়, আটক ব্যক্তিরা পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারত প্রবেশ করে বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১)(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। নাম-ঠিকানা যাচাই-বাছাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানায় সোপর্দ করা হয়।

এজাহারটি দায়ের করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর ই-কোম্পানি তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান। এ সময় তার সঙ্গে বিজিবির আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

হালুয়াঘাট থানার পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with