ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

তবু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক কিশোরীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক কিশোরী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) উপজেলার পৃথক এলাকায় এসব ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বাঘেধরা গ্রামের হেলাল উদ্দিন ও নাজমা খাতুনের মেয়ে সুমাইয়া আক্তার (১৫) বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় পাশের বাড়ির চাচাতো দাদি রেজিয়া খাতুন তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালায় ধাক্কা দিলে জানালা খুলে যায় এবং ঘরের ভেতর উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সুমাইয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে তাকে নামিয়ে ফুলপুর থানা পুলিশকে খবর দেন।
পরিবার সূত্রে জানা যায়, সুমাইয়া ওই ঘরে একাই থাকত। তার বাবা নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় কাঁচামালের ব্যবসা করেন এবং সেখানে পরিবার নিয়ে বসবাস করতেন।
অন্যদিকে, একইদিন দুপুরে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাজউদ্দিন (৪০) ও আরশব আলী (৬০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়। নিহত তাজউদ্দিন মৃত শুক্কুর আলীর ছেলে এবং আরশব আলী মৃত মিয়া হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে খড়ের কাজ করার সময় মাটিতে পড়ে থাকা পিডিবির বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তাজউদ্দিন। পরে আরশব আলী তাকে গরমে অজ্ঞান হয়ে পড়ে আছেন মনে করে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, আত্মহত্যার ঘটনায় সুমাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই ব্যক্তির ঘটনাতেও অপমৃত্যুর মামলা হয়েছে।

See also  গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে ফুলপুরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with