
মোমেনা আক্তার সোনিয়া ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১নং নওগাঁও ইউনিয়নের বাদিহাটি গ্রামে একটি অসহায় পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রতিপক্ষের পরিকল্পিত মিথ্যা অভিযোগ ও হুমকির জেরে তাদের শান্তিপূর্ণ জীবন বিপন্ন।
স্থানীয়রা এলাকাবাসী জানান, গ্রামের জিয়ারুল হক দুলু ও আব্দুল মান্নান সম্প্রতি মোহাম্মদ মফিজ উদ্দিন ও তার ছেলে রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে—রাসেলসহ কয়েকজন তাদের জমির গাছ কেটে নিয়েছে এবং সিসি ক্যামেরা ভাঙচুর করেছে।
কিন্তু বাস্তবতা ভিন্ন। কয়েকদিন আগে প্রতিপক্ষের হামলায় রাসেল গুরুতর আহত হন। মৃত্যুর কোণ থেকে আল্লাহর রহমতে বেঁচে থাকলেও, এখনও শয্যাশায়ী। আহত সন্তানকে বিছানায় দেখলে পরিবারের বুক ফেটে যায়।
মফিজ উদ্দিন বলছেন, “আমার ছেলে এখনও ঠিকভাবে হাঁটতে পারে না। অথচ তাকে দিয়ে নাকি গাছ কাটা হয়েছে! এটি সম্পূর্ণ মিথ্যা এবং আমাদের পরিবারকে হয়রানি করার পরিকল্পিত কৌশল।”
এলাকাবাসীর অভিযোগ, জিয়ারুল হক ও মান্নান দীর্ঘদিন ধরে অন্যের জমি দখল এবং চাপ সৃষ্টি করে আসছেন। যারা জমি লিখে না দেন, তাদের ওপর হামলা বা মিথ্যা মামলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হয়।
ফুলবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত চলছে। তবে প্রাথমিক অনুসন্ধানে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা সাক্ষী পাওয়া যায়নি।
এদিকে প্রতিপক্ষের সাথে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন, একটি মিথ্যা মামলা যেন অসহায় পরিবারকে হয়রানি করতে না পারে। আহত সন্তান, আতঙ্কিত পরিবার ও প্রতিপক্ষের কৌশলের মধ্যে মানুষের জীবন ও ন্যায় রক্ষা করা এখন চরম জরুরি।






















