আব্দুল হক লিটন ঃ
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ধারাবাহিক অভিযানে আন্তঃজেলা চোরাই যানবাহন চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ২টি অটোরিকশা ও একটি মিশুক।
১৮ জুন ২০২৫, মঙ্গলবার, রাতে ও বিকেলে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি চৌকস দল। অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) ফারুক আহমেদের নেতৃত্বে ডিবির একটি টিম।
প্রথম অভিযান
ময়মনসিংহ-কোটোয়ালী থানার রহমতপুর এলাকায় আনার অটোরিকশার গ্যারেজের সামনে থেকে রাত ১টা ২০ মিনিটে ২টি চোরাই অটোরিকশাসহ ৪ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহের উত্তরার মোঃ আনার মিয়া, নান্দাইল সৈয়দগাঁওএর মোঃ লিটন, ময়মনসিংহ সদরের মাইজ বাড়ির মোঃ মাসুদ, ত্রিশালের কামরুল হাসান।
দ্বিতীয় অভিযান:
একইদিনে বিকেল ৪টা ৪৫ মিনিটে ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মিশুকসহ আরও একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ শামীম মিয়া নেত্রকোনা সদর মদনপুরের বাসিন্দা, বর্তমানে সে ভালুকা স্কয়ার মাস্টার বাড়ি ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা অটোরিকশা ও মিশুক চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে যানবাহন চুরি করে গ্যারেজে লুকিয়ে রাখত এবং তা বিভিন্ন চক্রের মাধ্যমে বিক্রি করত।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চক্রটির সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। উদ্ধারকৃত যানবাহন ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের এই অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পুলিশের কঠোর নজরদারি ও সচেতন অভিযানের ফলে যানবাহন চুরি প্রতিরোধে এলাকাবাসীর মাঝে আশার আলো জেগেছে।
Bijoy71TV Bijoy71TV