
নিজস্ব প্রতিবেদক :
সরকারবিরোধী ষড়যন্ত্র, রাজনৈতিক সহিংসতায় উসকানি এবং দুর্নীতির একাধিক অভিযোগে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। সোমবার (২৩ জুন) সকালে ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ডিবি জানায়, সাবিনা আক্তার তুহিন দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিলেন। সম্প্রতি রাজনৈতিক সহিংসতা ও একটি হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে উঠে আসে তার নাম। এছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকা, আন্দোলনের সময় বিশৃঙ্খলা তৈরিতে ভূমিকা রাখা এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্ত চলছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য এবং দলীয় কর্মীদের মাধ্যমে সংঘাতমূলক পরিস্থিতি তৈরিতে সক্রিয় ছিলেন। এসব বিষয়ে তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
উল্লেখ্য, একই রাতে রাজধানীর মনিপুরীপাড়া এলাকা থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সল বিপ্লবকেও গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধেও চলমান আন্দোলনের সময় একটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ডিবি জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পেছনে যেসব নেতাকর্মীর ভূমিকা ছিল, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে।
এই গ্রেপ্তার দুটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের অভ্যন্তরে এবং জাতীয় রাজনীতিতে এ নিয়ে নতুন সমীকরণ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


















