
মোঃ আব্দুল হক লিটনঃ
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা কার্যালয়ে বুধবার এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বিদায়ী সংবর্ধিত পুলিশ পরিদর্শক সালাহ উদ্দিন আহমেদ নতুন কর্মস্থল শিল্প পুলিশে যোগদানের উদ্দেশ্যে সহকর্মীদের ছেড়ে বিদায় নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ জনাব মোঃ রকিবুল আক্তারসহ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণ, শুভকামনা আর ভালোবাসার বার্তায় এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
সালাহ উদ্দিন আহমেদ তার দায়িত্বকালীন সময়ে শুধু রুটিন ওয়ার্কেই সীমাবদ্ধ ছিলেন না, প্রশাসনিক শাখারও গুরুত্বপূর্ণ দায়িত্ব সযত্নে পালন করেছেন। তার কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতা সহকর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সহকর্মীরা জানান, তিনি একজন সৎ, পরিশ্রমী ও আন্তরিক কর্মকর্তা ছিলেন। তার সঙ্গে কাজ করতে গিয়ে আমরা পেয়েছি একজন ভাইয়ের মতো মানুষ। প্রশাসনিক সিদ্ধান্ত হোক বা তদন্ত কার্যক্রম, সব ক্ষেত্রেই তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
পিবিআই ময়মনসিংহে কর্মরত অবস্থায় সালাহ উদ্দিন আহমেদ অসংখ্য গুরুত্বপূর্ণ তদন্ত কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যারহস্য উদঘাটনে তার ভূমিকা সহকর্মীদের মনে অম্লান হয়ে থাকবে।
এইসব সাফল্যের কারণে তিনি পিবিআই চীফ ও পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক একাধিকবার পুরস্কৃত হন। তার কৃতিত্ব শুধু পিবিআই নয়, বরং ময়মনসিংহ জেলাতেই গর্বের জায়গা তৈরি করেছে।
একজন সহকর্মী স্মৃতিচারণ করে বলেন,
যে মামলাগুলো সমাধান করা অসম্ভব বলে মনে হয়েছিল, সালাহ উদ্দিন সেগুলোর সমাধান করেছেন। তিনি ছিলেন একনিষ্ঠ ও নিবেদিত প্রাণ তদন্তকারী কর্মকর্তা।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার রকিবুল আক্তার বলেন,
সালাহ উদ্দিন আহমেদ দায়িত্ব পালনে ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, সৎ ও দক্ষ। তিনি যে কর্মনিষ্ঠার দৃষ্টান্ত রেখে গেছেন, তা নতুনদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সহকর্মীরা একে একে বক্তব্য রাখতে গিয়ে তাকে শুধু একজন কর্মকর্তা হিসেবে নয়, বরং একজন আন্তরিক বন্ধু ও পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করেন। অনেকে তার কর্মস্থলে অবদান স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিদায়ী সংবর্ধনা শেষে সালাহ উদ্দিন আহমেদ সহকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
আমি সবসময় চেষ্টা করেছি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে। সহকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। পিবিআই ময়মনসিংহ আমার হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।
এই বক্তব্য শুনে উপস্থিত সহকর্মীদের অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। বিদায়ী মুহূর্তে সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী ক্রেস্ট উপহার দিয়ে নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।
পিবিআই ময়মনসিংহ থেকে বিদায় নিলেও সহকর্মীদের মনে অম্লান হয়ে থাকবেন সালাহ উদ্দিন আহমেদ। তার দায়িত্বকালীন নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতা আগামী দিনের কর্মকর্তাদের জন্য হয়ে থাকবে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বিদায়বেলায় সহকর্মীদের সবারই এক অভিন্ন কামনা, আপনার সাফল্য আমাদের গর্ব। নতুন কর্মস্থলেও আপনি আলো ছড়াবেন, এটাই আমাদের বিশ্বাস।






















