
সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য
বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হলেন লিটন
মোঃ বাবুল হোসেন ময়মনসিংহঃ
বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাংবাদিক আবদুল হক লিটন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) গ্রহণ করেন। এটি তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
জানা গেছে, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ধারাবাহিকতার ফলস্বরূপ ২০২৬ সালে বিজয় টিভি কর্তৃপক্ষ তাঁকে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করে। এর আগে তিনি বিজয় টিভির হালুয়াঘাট প্রতিনিধি এবং পরবর্তীতে ময়মনসিংহ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
আইডি কার্ড গ্রহণকালে ময়মনসিংহ নগরীর বড়বাজার এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মাহবুব বিন সাইফ। এ সময় সাংবাদিক লিটনের পেশাগত অগ্রযাত্রায় তাঁদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণার কথা উল্লেখ করা হয়।
বর্তমানে তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার হালুয়াঘাট প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি হালুয়াঘাট প্রেসক্লাব ও ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এছাড়াও তিনি মানবাধিকার কমিশন ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) হালুয়াঘাট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজয় টিভির বিভাগীয় প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি জনস্বার্থে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আরও জোরদার করবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।


















