
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার জন্মদাতা পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গাবরাখালি গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত আব্দুর রহিম তার ১১ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আনেন আব্দুর রহিমের তৃতীয় স্ত্রী ফাতেমা খাতুন। শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রহিমকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান,
”অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে উন্নত চিকিৎসার পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এই ঘটনায় হালুয়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত সহ অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
পারিবারিক সুরক্ষা যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে এই ধরণের ঘটনা সামাজিকভাবে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীর কঠোর শাস্তি দাবি করেছেন।






















