অপপ্রচার-মিথ্যা মামলার হয়রানিতে আতঙ্কে দিন কাটছে সবুজের পরিবার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্যবারেড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা, অপপ্রচার ও হয়রানির অভিযোগ তুলেছেন সবুজ নামে এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে । তাদের দাবি, প্রকৃত ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকলেও পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে জড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মধ্যবারেড়া এলাকার বাসিন্দা জামাল উদ্দিন ও তার স্ত্রী সাবিহার সঙ্গে অন্য এলাকার বাসিন্দা জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে সম্প্রতি সাবিহার দখলে থাকা জমিতে নির্মিত একটি ঘর ও টিনের বেড়া ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সবুজ ও তার পরিবারের সদস্যদের আসামি করা হয়।
সবুজের দাবি, ঘটনার সময় তিনি এবং তার পরিবারের কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অথচ ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। শুধু তাই নয়, কয়েকটি ইউটিউব ও ফেসবুকভিত্তিক মাধ্যমে তাদের নাম জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে, যা তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছে।

সবুজ বলেন, আমরা নির্দোষ। প্রকৃত ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তারপরও পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। সামাজিকভাবে হেয় করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে। এ কারণে আমরা এবং আমাদের পরিবারের সদস্যরা চরম মানসিক চাপ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।
পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে মামলা, অভিযোগ ও হয়রানির মাধ্যমে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এ পরিস্থিতিতে তারা নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানান, ভাঙচুরের দিন সবুজ ঘটনাস্থলে ছিলেন না। তারা দাবি করেন, ঘটনার সময় তিনি অন্যত্র কাজে ব্যস্ত ছিলেন। সবুজের এক আত্মীয় বলেন, আমি সিলেটে ছিলাম। ভাঙচুরের বিষয়ে কিছুই জানি না। তারপরও আমাকে মামলার আসামি করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে অনলাইন, ইউটিউব, ফেইসবুকে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। আমরা মনে করি, এটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে জামাল উদ্দিনের স্ত্রী সাবিহা বেগম বলেন, ঘটনার দিন সবুজ ও তার স্বজনদের ইন্ধনেই আমাদের টিনের বেড়া ভাঙচুর করা করেছে। ভাঙচুরের সময় তারা ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে ছিলেন। তাই আইনগতভাবেই তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

বিষয়টি নিয়ে এলাকায়ও আলোচনা সৃষ্টি হয়েছে।
এদিকে, সবুজ ও তার পরিবারের সদস্যরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে মিথ্যা অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *