
আবারও ফুলপুরে বেপরোয়া বাসের ধাক্কায় সড়ক দুর্ঘটনা, মানসিক ভারসাম্যহীন নারী নিহত
তপু রায়হান রাব্বি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মানসিক ভারসাম্যহীন নারীর। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার শেরপুর টু ময়মনসিংহ মহাসড়কের শেরপুর রোড সংলগ্ন চেরাগ আলী রাইস মিল এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। ঠিক তখনই শেরপুরগামী একটি অজ্ঞাতনামা বাস বেপরোয়া গতিতে এসে তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসের ধাক্কায় তাঁর মাথার অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছেন, তিনি ওই এলাকার আশপাশেই বসবাস করতেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যায়। পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণহীন চলাচল প্রায়ই প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বারবার দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।




















