
তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ময়মনসিংহের ফুলপুরে শুরু হতে যাচ্ছে প্রথম উপজেলা পরিষদ মিনি পার্ক নির্মাণকাজ। স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদীর আন্তরিক সহযোগিতা ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার অক্লান্ত প্রচেষ্টায় বাস্তব রূপ পাচ্ছে এ স্বপ্নের প্রকল্প।
৫১ লক্ষ টাকার বাজেটে নির্মিতব্য এ মিনি পার্ককে ঘিরে ইতিমধ্যেই ফুলপুরজুড়ে বইছে আনন্দের হাওয়া। উপজেলা পরিষদের পুরাতন কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকায় পার্কটি নির্মাণ করা হবে। এতে থাকবে শিশুদের জন্য দোলনা, স্লাইড, খেলনা–রাইডার, হাঁটার পথ, বসার ব্যবস্থা ও নিরিবিলি পরিবেশে বই পড়ার জায়গা। পাশাপাশি সবুজে ঘেরা পরিবেশে তৈরি হবে একটি নির্ভরযোগ্য বিনোদনের আসর।
ফুলপুরে এ পর্যন্ত কোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে শিশু-কিশোরদের জন্য বিনোদনের স্থায়ী পার্ক তৈরি হয়নি। তাই এই পার্কের মাধ্যমে মুক্ত বাতাসে শিশুদের খেলা-ধুলা ও সাংস্কৃতিক বিকাশের নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
জনবান্ধব কন্যা, ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন,
“যোগদানের পর থেকেই ফুলপুরবাসীর চাহিদা পূরণে কাজ করে যাচ্ছি। বড় আকারের পার্ক করার মতো জায়গা না থাকায় ছোট পরিসরে হলেও একটি বিনোদন কেন্দ্র গড়ে তুলতে চাই। পরিকল্পনা, স্থান নির্বাচন, ডিজাইন ও বাজেট অনুমোদনের প্রতিটি ধাপে সহযোগিতা করায় স্থানীয় সরকার সচিব স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করছি, ফুলপুরবাসীর সার্বিক সহযোগিতায় পার্কটি সফলভাবে নির্মিত হবে।”
উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন ও পিআইও আশীষ কর্মকারের নকশা অনুযায়ী নির্মিতব্য এ মিনি পার্কটি শিশু-কিশোরসহ সব বয়সীদের জন্য এক অনন্য বিনোদনের স্থান হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করছেন ফুলপুরবাসী।


















