
মোঃ আব্দুল হক লিটন ঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “তারেক রহমান আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের সফল রূপকার।” তিনি বলেন, এ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট হাসিনা জনতার তাড়া খেয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের পাগলপাড়ায় ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, “আওয়ামী সরকারের ফ্যাসিবাদী আচরণে যখন ছাত্র আন্দোলন বারবার হোচট খাচ্ছিল, তখন তারেক রহমান তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্ব দিয়ে আন্দোলনকে পুনরুজ্জীবিত করেন এবং তা সফল গণ-অভ্যুত্থানে পরিণত হয়।”
তিনি আরও বলেন, “আন্দোলনের প্রতিটি ধাপে তারেক রহমান নিবিড়ভাবে দিকনির্দেশনা দিয়ে গেছেন। ফ্যাসিস্টদের প্রতিটি গুলির শব্দে তাঁর অন্তর কেঁপে উঠলেও, তিনি নেতাকর্মীদের সাহস ও প্রেরণা দিয়ে আন্দোলনকে আরও বেগবান করেছেন।”
গণ-অভ্যুত্থানের ঐক্য বিনষ্ট করতে একটি মহল সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “যে কোনো মূল্যে এ ঐক্য অক্ষুণ্ণ রাখতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।”
তিনি আরও জানান, “লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে যে নির্বাচনের টাইম ফ্রেম ঠিক হয়েছে, তাতে জনগণ সন্তুষ্ট। প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের মধ্য দিয়েই নির্বাচনমুখী প্রস্তুতির সূচনা হয়েছে।”
৬ নম্বর ওয়ার্ড বিএনপির এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবদুল আজিজ খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, অধ্যাপক আমজাদ আলী, কাজী ফরিদ আহমেদ পলাশ, সুলতান মহিউদ্দিন, মনিরুজ্জামান স্বাধীন, শামসুল আলম সামস, তাজিকুল ইসলাম, হোসনে আর নিলু, রুহুল আমিন খান, আবদুল গনি, আবদুল মালেক সোহান, শফিকুল ইসলাম, আকিকুল ইসলাম ও তাজবির হোসেন অন্তর।


















