
তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
হাড়কাঁপানো শীত উপেক্ষা করে গভীর রাতে মানুষের খোঁজে বেরিয়ে পড়লেন উপজেলা নির্বাহী অফিসার। মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ময়মনসিংহের ফুলপুরে মাদ্রাসার কোমলমতি শিশু ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে ফুলপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। গভীর রাতেও তিনি বিভিন্ন পাড়া-মহল্লা, রাস্তার ধারে অবস্থানরত ছিন্নমূল মানুষ, ভ্যানচালক ও মাদ্রাসায় থাকা শিশুদের খোঁজ-খবর নেন এবং তাদের হাতে তুলে দেন উষ্ণ কম্বল।
প্রচণ্ড শীতে যখন ঘরহীন মানুষের রাত কাটে চরম কষ্টে, ঠিক তখনই প্রশাসনের শীর্ষ কর্মকর্তা নিজে মাঠে নেমে তাদের পাশে দাঁড়ান। শুধু কম্বল বিতরণেই থেমে থাকেননি ইউএনও সাদিয়া ইসলাম সীমা, তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলে তাদের পারিবারিক অবস্থা, জীবনযাপন ও প্রয়োজনের কথা শোনেন।
বিজয় ৭১ টিভিকে ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন,
প্রচণ্ড শীতে যেন একজন মানুষও কষ্ট না পায়,এই ভাবনা থেকেই গভীর রাতে বের হয়েছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চসংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই।
তিনি আরও জানান, শীতের তীব্রতা অব্যাহত থাকলে প্রয়োজন অনুযায়ী আগামীতেও এই কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রশাসনের এই সময়োচিত ও মানবিক উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, গভীর রাতে মাঠপর্যায়ে ইউএনও’র এমন উপস্থিতি শীতার্ত মানুষের জন্য শুধু সহায়তাই নয়,ভরসা ও আশার আলো হয়ে উঠেছে।
Bijoy71 TV Bijoy71 TV