গৌরীপুরে জমি সংক্রান্ত বিরুধে গরুর ফার্মে শ্রমিকদের প্রবেশে বাধা, খুন-জখমের হুমকি

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমি দখল, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগে উভয় পক্ষই গৌরীপুর থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৭ নং রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর মৌজায়। অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা ও লাল খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক দীর্ঘদিন আগে বিবাদীপক্ষের ভাই আজাদুর রহমানের কাছ থেকে ৪ শতাংশ জমি সাফ কাওলা দলিলের মাধ্যমে ক্রয় করে ভোগদখল করে আসছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিপক্ষের লোকজন তার ক্রয়কৃত জমিতে প্রবেশে বাধা দিচ্ছে এবং নিয়মিত ভয়ভীতি ও খুন-জখমের হুমকি প্রদান করছে।

তিনি আরো বলেন, “গত ১ ফেব্রুয়ারি সকাল ৮টায় দোলন মিয়া, শাহিন মিয়া, আলামিন ও এমদাদুল হক দেশীয় অস্ত্রশস্ত্র—রামদা, রড, শাবল, কোদালসহ বেআইনি জনতাবদ্ধে আমার জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখল নিতে আসে। আমরা বাধা দিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। বিবাদীপক্ষের ভয়ভীতির কারণে বর্তমানে আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, বিবাদীপক্ষের হুমকির কারণে এখন গরুর ফার্মে শ্রমিকরাও যেতে পারছেন না। ফার্মে থাকা গরুগুলোর খাদ্য দেওয়া বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে ফার্মের মালিক মঞ্জুরুল হক বলেন, শ্রমিকরা ভয় পেয়ে ফার্মে ঢুকছে না। এভাবে চলতে থাকলে না খেয়ে গরুগুলো মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, বিবাদীপক্ষের সদস্য দোলন মিয়া আদালতে পাল্টা অভিযোগে জানান, উক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি সময়ে লুৎফর রহমান বাদী হয়ে আদালতের ১৪৪ ধারা মামলা করেন। প্রতিপক্ষ রাজুমিয়া জানান,গরুর ফার্মে শ্রমিকদের আমরা কাউকে বাধা দেইনি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত জমির সীমারেখা ও রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কয়েক দফা স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো পক্ষই মীমাংসায় রাজি হয়নি। বর্তমানে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহিরে থাকায় তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে জমি বিরোধকে কেন্দ্র করে আর কোনো অনাকাঙ্কিত ঘটনা না ঘটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *