জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ফুলপুরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষে “এসো নিজেকে বদলাই, পৃথিবীকে বদলাই” এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। সোমবার (২৯ জুলাই) ফুলপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত হয় এ অভিযান।

উল্লেখযোগ্য এই কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হাসান, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান প্রমুখ।

এছাড়াও অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, এ.কে.এম সিরাজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আমিনুল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠনের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা হাতে ঝাড়ু, বস্তা ও মাস্ক নিয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও খোলা জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। আয়োজকরা বলেন, এই উদ্যোগের মাধ্যমে জনগণের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশবান্ধব শহর গঠনের লক্ষ্যে এক নতুন প্রত্যয় সৃষ্টি হয়েছে।

অভিযান শেষে আয়োজক ও অংশগ্রহণকারীরা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *