
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের গরুবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রবিবার (১৬ জুন) দিবাগত রাত ২টার দিকে বায়তুস সালাম কাচারী জামে মসজিদ মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, রাতের নীরবতা ভেঙে আগুনের লেলিহান শিখা চোখে পড়ে এলাকাবাসীর। সাথে সাথে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মানিক মিয়া জানান, খবর পেয়ে দ্রুত হালুয়াঘাট ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফুলপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে সহায়তা করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে—পানের আড়ত, কসমেটিকসের দোকান, আইসক্রিম ফ্যাক্টরি, মনিহারি সামগ্রীর দোকান, একটি পাঞ্জাবি তৈরির কারখানা এবং গোডাউনসহ ছোট-বড় মোট ১২টি দোকান। এসব দোকান ৭ জন মালিকের বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বিএনপি ও অন্যান্য দলের নেতৃবৃন্দ। পরদিন সকালে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনুর খান, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাত।
- পরে পৌর কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, “৭ জন মালিকের ১২টি দোকান পুড়ে আনুমানিক ১ কোটি ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখছে বলেও তিনি জানান।


















