হালুয়াঘাট ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের বড় খানের পাড় এলাকায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননী এক গৃহবধূকে কোঁদাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম শিরিনা (২৫)। তিনি ওই এলাকার হাবিবুর রহমান হাবিবের দ্বিতীয় স্ত্রী এবং দুই সন্তানের জননী বলে জানা গেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হাবিবুর রহমান হাবিব তার স্ত্রী শিরিনাকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ির পাশের একটি ফসলি জমিতে ডেকে নিয়ে যান। সেখানে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাবিব ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কোঁদাল দিয়ে শিরিনার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই অভিযুক্ত হাবিব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সন্ধ্যার দিকে মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয় পুলিশ।
প্রতিবেশীরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পলাতক স্বামী হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Bijoy71TV Bijoy71TV