
তপু রায়হান রাব্বি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
দেশ এগিয়ে যেতে সাধারণ জনগণই আমাদের শক্তি যোগায় – এমন মন্তব্য করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মুফিদুল আলম। সোমবার (১১ আগস্ট) ফুলপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে গাড়িযোগে এসে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদি, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানসহ উপজেলার কর্মকর্তারা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
এ সময় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসের পরিচালিত কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপস্থিত কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক অফিসের বিভিন্ন কার্যক্রমসহ কর আদায়ের বিষয়ে অবগত হন এবং সরকারি সব দপ্তরের পরিচালিত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
পরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অসহায় ও হতদরিদ্র ৫ জন ভিক্ষুককে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে দুইজনকে চা ও বিস্কুটের টং দোকান, দুইজনকে ব্যাটারি চালিত ভ্যান এবং একজনকে একটি বাছুরসহ গাভী দেওয়া হয়। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫ জনের মাঝে ৩০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান বলেন, ভিক্ষুকমুক্ত উপজেলা গড়তে, ভিক্ষুকদের জন্য নগদ অর্থসহ নানান উপকরণ দেওয়া হবে, যা খুব শিগগিরই প্রদান করা হবে।
পরে সন্ধ্যা পর্যন্ত তিনি উপজেলার ভূমি অফিস, বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়নমূলক প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেন।
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে তিনি শিক্ষার পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি, পাঠদান কার্যক্রম, পরীক্ষার ফলাফল এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন। উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে সেখানকার চিকিৎসা ব্যবস্থা, ঔষধপত্রের মজুদ, স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, টিকাদান কর্মসূচি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি পর্যবেক্ষণ করেন।
জেলা প্রশাসকের এই পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করা হয় যে, স্থানীয় জনগণের জন্য সরকারের দেওয়া সুযোগ-সুবিধাগুলি সঠিকভাবে তাদের কাছে পৌঁছে যাচ্ছে কিনা। পাশাপাশি তিনি স্থানীয় জনগণের সুবিধা-অসুবিধার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
সর্বশেষ জেলা প্রশাসক সকল কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “দেশ এগিয়ে নিতে সাধারণ জনগণই আমাদের শক্তি যোগায়। সকলের সার্বিক সহযোগিতায় দেশ এগিয়ে যাবে উন্নয়নের দিকে। তাই তাদের বিভিন্ন সমস্যা সমাধান করাটাই আমাদের কর্তব্য। স্থানীয় সরকার জনগণের পাশে থাকার জন্যই আমাদের এগিয়ে চলা।






















