ফুলপুরে প্রেমঘটিত খুনের ঘটনায় প্রেমিকা শান্তা ও ভাবী রিমা গ্রেফতার:

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ

য়মনসিংহের ফুলপুরে আলোচিত প্রেমসংক্রান্ত হত্যাকাণ্ডে নিহত নবম শ্রেণির ছাত্র আবু রায়হান নেহাল হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিকা শান্তা (১৭) ও তার ভাবী রিমা আক্তারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

নিহত নেহাল ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তদন্তে জানা যায়, প্রেম সংক্রান্ত বিরোধ এবং পারিবারিক কলহের জেরে নৃশংসভাবে হত্যা করা হয় এই কিশোরকে। এই ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে প্রেমিকা শান্তা—যিনি একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

ফুলপুর থানা পুলিশ জানায়, জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকার একটি আত্মীয়ের বাড়ি থেকে প্রেমিকা শান্তাকে আটক করা হয়। পরে তাকে গাজীপুর শিশু কিশোর সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে শান্তার ভাবী রিমা আক্তার—যিনি সাগরের স্ত্রী—তাকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুমা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রিমাকে ময়মনসিংহ আদালতে হাজির করা হয়।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাদি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “নেহাল হত্যার ঘটনায় আরও কিছু ব্যক্তি জড়িত রয়েছে বলে আমরা ধারণা করছি। তাদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব শিগগিরই ঘটনার মূল রহস্য উন্মোচিত হবে।”

উল্লেখ্য, কয়েক দিন আগে নিখোঁজ হওয়া নেহালের গলিত মরদেহ তারই বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনা ফুলপুরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *