
নাবিলা আফরিন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বিএনপিকে গণমানুষের শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্রও শক্তিশালী হবে।”
তিনি ৩০ জুলাই বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির দলীয় সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন।
প্রিন্স বলেন, “ফ্যাসিবাদমুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক হয়ে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস ও দেশকে দুর্বল করতে চেয়েছিল। কিন্তু জনগণ তা ব্যর্থ করে দিয়েছে।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম শুরু হবে, সেই কাফেলায় সবাইকে যুক্ত হতে হবে। এজন্য বিএনপিকে সব ধরনের অনৈতিকতা, দুর্নীতি ও সমাজবিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে। কোনো দুর্নীতিবাজ, লুটেরা, আওয়ামী দোসর বা সমাজবিরোধী বিএনপির সদস্য হতে পারবে না। কেউ অনৈতিক কাজে জড়ালে, তার কোনো স্থান বিএনপিতে থাকবে না।”
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “কারোর শরীরে যেন কলঙ্কের কালি না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। রাজনীতির গতানুগতিক ধারা বদলে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে। বিএনপি জুলাই-আগস্টের গণ-আন্দোলনের চেতনায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দিয়েছে এবং এখনও ছাড় দিয়ে যাচ্ছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর এবং পৌর বিএনপির সদস্য সচিব আবদুল আজিজ খান।
প্রধান অতিথির বক্তব্য ছাড়াও বক্তব্য দেন—বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব প্রমুখ।
নতুন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাইবাল অ্যাসোসিয়েশন অব হালুয়াঘাটের চেয়ারম্যান সুব্রত রেমা এবং হালুয়াঘাট মহিলা কলেজের প্রভাষক সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিজে হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। নেতাকর্মীরা নিজ নিজ ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সদস্যপদ নবায়ন করেন। অনুষ্ঠানে বিভিন্ন পেশার—মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, রিকশাচালক, গৃহবধূ, মসজিদের ইমাম, হিন্দু, গারো, চাকরিজীবীসহ নতুন সদস্যরা বিএনপিতে যোগ দেন।






















