মোঃ আব্দুল হক লিটনঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের কোনো জনভিত্তি নেই। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তাকে যারা ভয় পায়, তারাই জিয়া পরিবারের গ্রহণযোগ্যতা নিয়ে আতঙ্কে থাকে।”
তিনি বলেন, বিএনপির ভোট চাওয়ার জন্য জিয়া পরিবারের ছবি দেখানোর প্রয়োজন পড়ে না, জনগণই ভালোবাসা দিয়ে বিএনপিকে নির্বাচিত করে থাকে।
বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দর্শা বাজারে গণসংযোগ ও পথসভায় এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন। পথসভায় অংশ নেওয়ার আগে তিনি বাজার এলাকায় ঘুরে সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ৩১ দফা, বিএনপির জনকল্যাণমূলক ভবিষ্যৎ পরিকল্পনা এবং ধোবাউড়া–হালুয়াঘাট অঞ্চলের উন্নয়নভিত্তিক কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করেন।
পথসভায় তিনি বলেন, বিএনপি আইন মেনেই রাজনীতি করে। নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় প্রধানের ছবি ব্যবহার করে প্রচার চালানোর আইনগত অধিকার বিএনপির আছে, এটি অতীতেও হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ যেমন জিয়া পরিবার ও বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়, তেমনি নবীন বা প্রবীণ কিছু রাজনৈতিক দলও বিএনপির গ্রহণযোগ্যতাকে হিংসা করে। হিংসা করে কিছু অর্জন হয় না,এটি নবীন দলগুলোকে অনুধাবন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
অসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র ফিরিয়ে দেবে এবং সব শ্রেণী-পেশার মানুষের কল্যাণে অগ্রাধিকার দেবে।
তিনি আরও বলেন, কৃষকের একটি ফসলের সম্পূর্ণ উৎপাদন খরচ সরকার বহন করবে,
ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষক ন্যায্য দামে পণ্য সরাসরি সরকারের কাছে বিক্রি করতে পারবে
প্রতি ইউনিয়নে ধান ক্রয়কেন্দ্র স্থাপন করা হবে,খাল খনন করে সেচব্যবস্থা উন্নত করা হবে, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য ও চিকিৎসা বেকার ভাতা চালু করবে, প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
কৈইচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, উপজেলা বিএনপির নেতা মোরশেদ আলম এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল মালেক।











