
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে জালনোট পাচার রোধে বিজিবির তৎপরতা বৃদ্ধি
মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় জালনোট পাচারসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করেছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) নিয়মিতভাবে সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং সচেতনতামূলক জনসভা ও সেমিনারের আয়োজনের মাধ্যমে জনগণকে অবৈধ পণ্য ও জালনোট পাচার বিষয়ে সতর্ক করছে।
বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে ২৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে সীমান্ত এলাকায় ২৬ কোটি ৫৩ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য, মাদকদ্রব্য, গবাদি পশু ও যানবাহন জব্দ করা হয়। এসব অভিযানে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সমন্বিতভাবে কাজ করছে।
প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় জালনোট, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে নিয়মিত টহল পরিচালিত হচ্ছে এবং সন্দেহজনক গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে।”
তিনি আরও বলেন, সীমান্ত অঞ্চলের জনগণকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং কেউ যদি অবৈধ কার্যক্রমে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান কর্নেল মুস্তাফিজুর রহমান।


















