
স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের শম্ভুগঞ্জ হেয়ার ব্রিকস্ ফ্যাক্টরিতে সংঘটিত ভয়াবহ ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ১৪০ কেজি তামার তার, গ্রেফতার করা হয়েছে সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্যকে।
গত ২৫ মে রাত আনুমানিক ৩টার দিকে শম্ভুগঞ্জের ওই ইটভাটায় দেশীয় অস্ত্রে সজ্জিত ১০-১৫ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা ফ্যাক্টরির তালা ভেঙে ভেতরে ঢুকে তিনজন নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে এবং শারীরিকভাবে নির্যাতন করে। এরপর তারা ফ্যাক্টরির ভেতর থেকে হাই ভোল্টেজ বিদ্যুতের তারসহ প্রায় ১২ লাখ ১২ হাজার টাকার মালামাল লুট করে।
ঘটনার পরদিন হেয়ার ব্রিকস লিমিটেডের সুপারভাইজার সৈয়দ আশরাফুল হক কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-৪৬, তারিখ-১৫/০৬/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭) দায়ের করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপারের নির্দেশে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশ যৌথভাবে অভিযানে নামে।
পরে ময়মনসিংহ জেলার তারাকান্দা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, ভালুকা ও গাজীপুর জেলার পূবাইল থানা এলাকা থেকে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন: মোঃ সোহেল (৩৮), মোঃ সিদ্দিকুর রহমান (৬০), মোঃ সেলিম (২৬), মোঃ শফিক মিয়া (২৬), স্বপন মিয়া (২৬), শাহ আলম ওরফে নাজমুল (৩২), কাজল চন্দ্র (৩৪), মোঃ রইছ উদ্দিন (৪৮) ও মোঃ আলী (৩৮)।
ডিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে ৮ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় ডাকাতির মালামাল—১৪০ কেজি তামার তার।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “এটি একটি পরিকল্পিত ডাকাতি ছিল। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে আমরা অভিযুক্তদের শনাক্ত ও আটক করেছি। বাকি জড়িতদের ধরতে অভিযান চলমান রয়েছে।”
স্থানীয়রা পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী


















