
তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, মিথ্যাচার ও ধারাবাহিক অপপ্রচার এবং সাম্প্রতিক সময়ে সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শহরের বিএনপি দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন। এতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার।
ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাজহারুল ইসলাম নিপু, শ্রমিক নেতা আবু হানিফ, আব্দুস সাত্তার, জালাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, আবু ইসাহাক, নূর ইসলাম, হারুন মিয়া, আবু তাহেরসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, “যারা মিথ্যাচার, কটূক্তি ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে জবাব দেয়া হবে। সরকারের মদদপুষ্ট কিছু গোষ্ঠী ও মিডিয়ার মাধ্যমে এসব অপপ্রচার চালানো হচ্ছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।”
তারা আরও বলেন, “দেশে একের পর এক খুন, ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতি গভীর উদ্বেগজনক। মিডফোর্ডে নারকীয় হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে প্রকৃত দোষীদের বিচার না হওয়া সরকারের ব্যর্থতাকেই প্রমাণ করে।”
এ সময় নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে দলীয়ভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।






















