
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে হালুয়াঘাট উপজেলার রংঘমপাড়া এলাকায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রূপচাঁন মিয়া (৩১) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত রূপচাঁনের বাড়ি হালুয়াঘাট উপজেলার বাড়ালিয়াকোনা গ্রামে।
১৭ জুন ২০২৫ খ্রিঃ তারিখ রাত ৯টা ১৫ মিনিটে ময়মনসিংহ ডিবি পুলিশের এসআই (নিঃ) ফিরোজ আলীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে স্থানীয় মনির স্টোর নামক মনোহারী দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট।
জেলা গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত রূপচাঁন মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসায় জড়িত এবং এর আগেও তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। ডিবি পুলিশ সূত্রে আরও জানা গেছে, সে একটি সক্রিয় মাদক চক্রের সদস্য এবং এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
আটকের পর গ্রেফতারকৃত রূপচাঁনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ১৮ জুন তাকে আদালতে সোপর্দ করা হয়।
“মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা। সমাজে মাদকের ভয়াল ছোবল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে,” বলেও জানান গোয়েন্দা কর্মকর্তাগন।


















