
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুটি পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানগুলোতে উদ্ধার করা হয়েছে মোট ২৯ গ্রাম হেরোইন ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
২১ জুলাই রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর নির্দেশনায় ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানটি পরিচালিত হয় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার লেংরা বাজার এলাকায়। এখানে ব্র্যাক অফিসের সামনে পাকা রাস্তার পাশে থেকে আটক করা হয়
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পাড়াটঙ্গী গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র মোঃ সালাউদ্দিনকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২২ গ্রাম হেরোইন ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। পুলিশ জানায়, সালাউদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
দ্বিতীয় অভিযানটি চালানো হয় কোতোয়ালী মডেল থানাধীন গোষ্ঠা শস্যমালা এলাকায়। এখানে মৃত হামিদুল ইসলামের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে গ্রেফতার করা হয় তিনজনকে। তারা হলেন—
ময়মনসিংহ জেলার কোতোয়ালী উপজেলার উজান বাড়েরা গ্রামের আব্দুল বারেকের পুত্র আবু কালাম,
কোতোয়ালী উপজেলার গোষ্ঠা শস্যমালা কোনাপাড়া গ্রামের আবু তাহেরের পুত্র মোঃ স্বপন, এবং একই এলাকার মোঃ শহিদুল ইসলামের পুত্র মোঃ আনারুল ইসলাম। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭ গ্রাম হেরোইন। ডিবি পুলিশ জানিয়েছে, এরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুক্তাগাছা থানা ও কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।


















