
তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে চলছে নানান প্রস্তুতি। উপজেলা প্রশাসন, নির্বাচন অফিস এবং পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে একযোগে কাজ করছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিতকরণ থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভায় ভোটার সংখ্যা ২৬ হাজার ১৪৫ জন এবং ভোটকক্ষের সংখ্যা ৪৮টি। ছনধরা ইউনিয়নে ভোটার ২৫ হাজার ২৩৬ জন, রামভভ্রপুর ইউনিয়নে ২৭ হাজার ৯৯৪ জন, সিংহেশ্বর ইউনিয়নে ৩১ হাজার ৯১৮ জন, রহিমগঞ্জ ইউনিয়নে ৩২ হাজার ৪৩ জন, রূপসী ইউনিয়নে ২৯ হাজার ৯৫১ জনসহ প্রতিটি ইউনিয়নে ভোটকক্ষের সংখ্যা ৪০ থেকে ৫৫টির মধ্যে।
মোটাদাগে, ফুলপুর পৌরসভা ও ১০ ইউনিয়ন মিলিয়ে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৫ হাজার ৪৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৭৮৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৪৫ হাজার ৬৭৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন। উপজেলায় এখন পর্যন্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৯০টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫২১টি (এর মধ্যে ৫১৫টি স্থায়ী ও ৬টি অস্থায়ী)।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে এখন থেকেই সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অতীতে কোন কেন্দ্রে কি ঘটেছিল তা পর্যালোচনা করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছে।”
উপজেলা নির্বাচন অফিসার মো. বেলাল হোসেন জানান, গত ১০ সেপ্টেম্বর সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকার ওপর দাবি, আপত্তি বা সুপারিশ আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাখিল করা যাবে। এরপর যাচাই-বাছাই শেষে ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা অনুযায়ী, এ তালিকা চূড়ান্ত করার আগে স্থানীয়দের মতামত নেয়া হবে। ফলে ভোটারদের প্রত্যাশা, আসন্ন এ নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।






















