
মোঃ আব্দুল হক লিটনঃ
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ঐক্যমত্য কমিশন সংস্কারে ঐক্যমত্যের নামে অনৈক্য সৃষ্টি করে নির্বাচনের পথে জটিলতা করছে সরকার। একটি বিতর্কিত রাজনৈতিক গোষ্ঠীর গুপ্ত রাজনীতির সুপ্ত প্রতিভা বিকাশে অন্তর্বর্তী সরকার সহায়তা করতে পারে না।
তিনি সোমবার বিকেলে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে পথসভায় এ কথা বলেন।
প্রিন্স বলেন, কোনও রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করতে পারে না। সরকার নিজেদের কর্মকাণ্ডে নিরপেক্ষতা না রাখলে জনগণ ভিন্ন দাবী তুলতে পারে। যারা এককভাবে নির্বাচন করে দুটি আসনের বেশি পায়নি, এমনকি জামানত হারিয়েছে, তাদের মতামতকে প্রাধান্য দিয়ে চারবার সরকার গঠন করা দলের মতামতকে অবজ্ঞা করা বুদ্ধিমানের কাজ নয়।
তিনি আরও বলেন, ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর নিরপেক্ষ নির্বাচনের আশায় বুক বেঁধেছিল। কিন্তু সরকার সংস্কারের নামে সময়ক্ষেপণ করেছে। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে গেছে, অর্থনীতি বিপর্যস্ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ, কৃষক ধানের দাম না পেয়ে সর্বশান্ত, বিনিয়োগ ও ব্যবসা স্থবির, বেকারত্ব বেড়েছে। একমাত্র জনগণের নির্বাচিত সরকারই এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারে।
বিএনপি ডিসেম্বরেই নির্বাচন চেয়েছিল, কিন্তু সরকারের চাওয়ার সঙ্গে সমন্বয় করে ফেব্রুয়ারিতে, রমজানের আগেই নির্বাচনে যেতে রাজি হয়েছে। এখন যদি অজুহাতে নির্বাচন পেছানো হয়, বিএনপি ঘরে বসে থাকবে না। ফেব্রুয়ারির নির্বাচনের তফসিল যথাসময়ে ঘোষণা না হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।
তিনি জনগণকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকারের উচিত বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি অনুকূলে রাখা। কোনও অবাস্তব বা একতরফা সংস্কার চাপিয়ে না দিয়ে জনগণের নির্বাচিত সংসদের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়াই যুক্তিযুক্ত হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহবায়ক আবদুল কুদ্দুস, আবদুল মমিন শাহীন, ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহজাহান মেম্বার, সদস্য সচিব আবদুল মতিন, জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, ও যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি।
এর আগে এমরান সালেহ প্রিন্স ঘোষগাঁও বাজারে গণসংযোগ করেন এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা ও বিএনপির জনকল্যাণমূলক কর্মসূচি সম্বলিত প্রচারপত্র জনগণের মাঝে বিতরণ করেন।
সকালে তিনি হালুয়াঘাটের ধারা গ্রামে গণসংযোগ ও মতবিনিময় করেন। এছাড়াও ধোবাউড়া ও হালুয়াঘাট ট্রাইবাল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ পৃথকভাবে সাক্ষাৎ করে আসন্ন নির্বাচনে তাঁকে সমর্থন জানান।


















