
মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জনগণকে দেশের সিদ্ধান্ত গ্রহণের মূল আসনে বসাতে হবে। শুধু ভোটের দিন নয়, প্রতিদিনের রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতই হবে চূড়ান্ত নির্দেশনা।
রবিবারে তিনি হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের কান্দাপাড়া, কিসমত নড়াইল, গাজীরভিটা ইউনিয়নের নলকুড়া, কাতলমারী, ডাকিয়াপাড়া, বরাক, কাজলের মোড় ও গাবড়াখালি এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভায় অংশ নেন। গণসংযোগের শুরুতে তিনি নড়াইল ইউনিয়নের দুটি রাস্তার ইট সোলিং কাজের উদ্বোধন করেন।
পথসভায় প্রিন্স বলেন, বিএনপি জনগণের গণতন্ত্রে বিশ্বাস করে। এই গণতন্ত্রে জনগণই ক্ষমতার উৎস, আর যে কোনো উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামতই হবে নির্ধারক। তিনি ঘোষণা দেন, নির্বাচিত হলে প্রতি ১০০ দিনে এলাকায় এলাকায় ‘জনগণের সংসদ’ বসিয়ে তিনি নিজেই জনগণের সামনে জবাবদিহি করবেন। উন্নয়নের পরিকল্পনা জনগণ দেবেন, তিনি শুধু তা বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রান্তিক কৃষকের জন্য বিনামূল্যে কৃষি উপকরণ, ভর্তুকি, প্রণোদনা, কৃষি বীমা এবং স্বল্পব্যয়ে সেচ সুবিধা নিশ্চিত করা হবে। খাল পুনঃখননের মাধ্যমে সেচের জলসংকট দূর করা হবে। দেশের প্রতিটি পরিবারকে ধাপে ধাপে গৃহিণীর নামে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে বিনামূল্যে খাদ্য সরবরাহ করে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন হবে।
তিনি আরও বলেন, নারীর আর্থিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে। দেশের শিক্ষা ব্যবস্থায় গণভিত্তিক, বিজ্ঞানভিত্তিক ও কর্মমুখী শিক্ষা চালু করা হবে। স্বাস্থ্য খাতে ‘বিনা চিকিৎসায় কারো মৃত্যু নয়’ এই নীতিকে বাস্তবে রূপ দিতে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনা হবে। পাশাপাশি দেশব্যাপী ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
হালুয়াঘাটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রিন্স বলেন, নির্বাচিত হলে এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি, পর্যটন কেন্দ্র নির্মাণ, হাসপাতাল, গারো জাদুঘর, স্টেডিয়াম, মসজিদ–মন্দির–গির্জার উন্নয়ন, নতুন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা জাদুঘর, গণঅভ্যুত্থানের শহীদ স্মৃতি স্তম্ভ, পাবলিক লাইব্রেরি এবং বাইপাস সড়ক নির্মাণসহ সর্বাত্মক উন্নয়ন উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হালুয়াঘাটকে পূর্ণাঙ্গ পৌরসভা হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও তিনি দেন। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে গারো পাহাড়ের পাদদেশে এমন উন্নয়ন হবে যা দেশ তাকিয়ে দেখবে।
পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, বীর মুক্তিযোদ্ধা গোলাম আবদুল খালেক, জাহেদ আলী, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কেন্দ্রীয় নেতা সুভ্রত রেমা, যুবদল নেতা তারিকুল ইসলাম চঞ্চল, আসাদুজ্জামান আসিফ, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ অনেকে।
গণসংযোগে স্থানীয় কৃষক, নারী, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তারা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ এবং উন্নয়নমুখী রাজনীতির প্রত্যাশা ব্যক্ত করে এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন জানান।






















