
উবায়দুল্লাহ রুমি ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “আলোকিত দেশ গড়তে আলোকিত মানুষ চাই। কেবল বড় বড় ডিগ্রি বা ভালো রেজাল্ট নয়, শিক্ষার পাশাপাশি মানবিকতা, ধর্ম ও সংস্কৃতির আলোয় আলোকিত হলেই আলোকিত মানুষ ও আলোকিত দেশ গড়া সম্ভব হবে।”
তিনি গতকাল দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। “মাজেদ বাবু ফাউন্ডেশন”-এর উদ্যোগে ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই ও বৃত্তি তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। প্রধান বক্তা ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, “আজ এই মিলনমেলায় মনে হচ্ছে, আলোর ভুবনে অনেক তারার মাঝে বসে আছি। এই তারাদেরকে দেশের সেরা তারায় পরিণত করতে হবে।” তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা শুধু ঈশ্বরগঞ্জ নয়, একদিন সমগ্র দেশের মুখ উজ্জ্বল করবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “রাজনীতি সচেতন থেকে দেশপ্রেম ও জাতীয়তাবোধে জাগ্রত থাকতে হবে। একাত্তর ও চব্বিশের চেতনায় সাম্য, মানবিক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে।”
এসময় তিনি জোর দিয়ে বলেন, রাজনীতিই সব কিছুর মূল। তরুণ প্রজন্ম, বিশেষ করে “জেন জি”-দের রাজনীতি বিমুখ না হয়ে রাজনীতি সচেতন হতে হবে। তবে রাজনীতিকে দুর্নীতি, লুটপাট, দমন ও নিপীড়নের হাতিয়ার নয়—বরং সমাজকল্যাণ ও দেশপ্রেমের সর্বোচ্চ প্ল্যাটফর্ম হিসেবে দেখতে হবে।
তিনি আরও বলেন, অতীতে রাজনীতির নামে অনেক অপব্যবহার হয়েছে। রাজনীতিকে কলুষিত করে অঙ্গনকে নষ্ট করেছে কিছু গোষ্ঠী। যার পরিণতিতে তাদের শুধু পতনই ঘটেনি, অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন সময় এসেছে রাজনীতিকে গণমুখী ও ইতিবাচক ধারায় এগিয়ে নেওয়ার।






















