ফুটওভার ব্রিজের নিচে কাভার্ডভ্যানে ভারতীয় মদের গোপন চালান

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচে কাভার্ডভ্যানে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২১ জুন) দুপুরে এ অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে চারটি প্লাস্টিকের বস্তায় রাখা ১৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ২৮ হাজার টাকা।

অভিযানের সময় কাভার্ডভ্যান চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটকরা হলেন—শেরপুরের নালিতাবাড়ী থানার মাদারপুর এলাকার আব্দুল হালিমের ছেলে মোহাম্মদ ইমরান হোসেন (২৪) এবং ময়মনসিংহের ভালুকা থানার গুচ্ছগ্রাম এলাকার ফজলুল হকের ছেলে মো. আরিফ হোসেন বাপ্পী ওরফে বাবু (২৪)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানে ভারতীয় মদের চালান যাচ্ছে। এমন খবরে গোয়েন্দা পুলিশের একটি দল জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে কাভার্ডভ্যানটি আটক করে তল্লাশি চালায়। পরে চারটি বস্তায় লুকানো অবস্থায় মদের বোতলগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। তারা সীমান্তবর্তী এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, মহাসড়ক ঘিরে মাদকপাচারকারীদের তৎপরতা সম্প্রতি বেড়ে গেছে। তারা দাবি করেন, মাদকের বিরুদ্ধে অভিযান যেন আরও কঠোর ও নিয়মিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *