
তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে পুলিশের পৃথক অভিযানে তিন মাদক কারবারি ও বিভিন্ন মামলার আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার গোদারিয়া এলাকায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন স্থানীয় পয়ারী গ্রামের নুরে আলম ফরহাদ, একই গ্রামের মোঃ মানিক মিয়া এবং আমুয়াকান্দা এলাকার মোঃ তুহিন রহমান সোহাগ ওরফে সোহাগ ডাক্তার।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল, একজন পুলিশ আইনের ৩৪ ধারায় এবং অপরজন চুরি মামলায় অভিযুক্ত ছিলেন।
গ্রেফতারকৃত মোট ছয়জনকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।






















