ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতেই একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের লক্ষ্য: এমরান সালেহ প্রিন্স

মোঃ আব্দুল হক লিটনঃ

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করাই একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য।

শুক্রবার বিকেলে হালুয়াঘাট পৌর শহরের ডিএস আলিম মাদরাসা মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, নভেম্বরের ১১ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা এবং একই সময় জামায়াত নেতাদের ‘ঢাকার চেহারা পাল্টে দেওয়ার’ হুঙ্কার জনমনে প্রশ্ন তুলেছে, তারা কি নির্বাচন বানচালের আন্দোলনে নেমেছে?

তিনি আরও বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লব এবং চব্বিশের ছাত্র গণঅভ্যুত্থান একই সূত্রে গাঁথা, এক ও অভিন্ন। জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমে স্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই এ তিন আন্দোলনের অভিন্ন লক্ষ্য।

See also  ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখে প্রাথমিক বিদ্যালয়ে দর্জি প্রশিক্ষণ

তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের মুখে পড়বে, যার দায় সরকারকেই নিতে হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, বিএনপির পক্ষে জনজোয়ার দেখে কিছু রাজনৈতিক দল নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চায়। এতে সুযোগ নিয়ে পালাতক ফ্যাসিবাদ ফিরে আসতে পারে— আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চক্রান্ত চলছে।”

তিনি জনগণকে নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো মূল্যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে।

এসময় তিনি ড. মুহম্মদ ইউনুসকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জুলাই সনদের বিষয়গুলো আইনানুগ বাস্তবায়ন ও যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।

See also  ধোবাউড়ায় পুলিশের সাহসী অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক- ১

সমাবেশ শেষে ডিএস মাদরাসা মাঠ থেকে বিশাল আনন্দ মিছিলটি বের হয়ে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, পুরাতন বাসস্ট্যান্ড, মধ্য বাজার ও উত্তর বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিলে নারী ও গারো সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতি নজর কাড়ে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ মিছিল ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার স্লোগানে মুখর হয়ে এক পর্যায়ে নির্বাচনী মিছিলে রূপ নেয়।

মিছিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with