
শেরপুরে হারিয়ে যাওয়া ঐতিহ্যের উল্লাস: হাজারো মানুষের অংশগ্রহণে ষাড়ের মই দৌড় প্রতিযোগিত
স্টাফ রিপোর্টার ঃ
শেরপুর সদরের চরশেরপুর নাগপাড়ায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ঘিরে উৎসবে মেতে উঠেছে হাজারো মানুষ। গতকাল ২১ জুন শুকনো মৌসুমের খরায় জর্জর গ্রাম বাংলার কৃষিজীবী মানুষ ভরসা পেলো আনন্দের রংয়ে রাঙা এক ঐতিহ্যবাহী খেলার—ষাড়ের মই দৌড় প্রতিযোগিতা।
এক সময় গ্রামবাংলার প্রাণের খেলা হলেও নানা কারণেই এই খেলা আজ বিলুপ্তির পথে। তবে শেরপুরে কৃষকের প্রিয় এই খেলার প্রতি আগ্রহ কমেনি এতটুকু। স্থানীয়দের আগ্রহে প্রথমবারের মতো চরশেরপুর নাগপাড়ায় আয়োজন করা হয় বিশাল এ প্রতিযোগিতা। সেখানে অংশ নেয় জামালপুর, শেরপুরসহ আশপাশের ৮টি মই দল।
প্রতিটি মইতে থাকে চারটি ষাড় ও দুজন মইয়াল, সঙ্গে তিনজন ধরাল। বাঁশির সঙ্কেতেই শুরু হয় গরুর দৌড়—দর্শকদের বাঁধভাঙা উল্লাসে মুখরিত হয় চরাঞ্চল। প্রতিটি দৌড়ে যখন ষাঁড়গুলো নির্ধারিত রেখা অতিক্রম করে বিজয় ছিনিয়ে আনে, তখন গোটা এলাকা যেন রূপ নেয় আনন্দমেলায়।
খেলায় চ্যাম্পিয়ন হয় জামালপুর জেলার ইসলামপুরের চন্দনপুর থেকে আগত হাবু বেপারীর দল। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার তুলে দেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
প্রতিযোগিতার সভাপতি সফিকুল ইসলামের নেতৃত্বে আয়োজনে উপস্থিত ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহানুর রহমান সাইম, শিক্ষক আসমত আলী প্রমুখ।
আয়োজক আসমত আলী বিজয় ৭১ টিভিতে বলেন, “কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের প্রাণের খেলা এটি। আমরা প্রতিবছর এই খেলার আয়োজন করব যেন নতুন প্রজন্ম জানে, এমন ঐতিহ্য কখনো হারায় না।”






















