
মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহ–শেরপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টানা দুই দিনের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে। ২০ ও ২১ নভেম্বর হালুয়াঘাটের লক্ষীকুড়া, ধোবাউড়ার ভূইয়াপাড়া, শ্রীবরদী লাওচাপাড়া–জোলগাঁও এবং ঝিনাইগাতীর বালিঝুড়ি সীমান্ত পয়েন্টে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভারতীয় জিলেট ব্লেড, নেভিয়া সফট ক্রিম, জনসন বেবি ক্রিম, স্কিন শাইন ক্রিম, ডাব সাবান, কম্বল, প্যান্টের কাপড়, কুইচ্চা মাছ ও গরুসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লাখ ৭ হাজার ৩৫০ টাকা।
৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, “সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। নিরাপদ সীমান্ত নিশ্চিত করতে অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে, সীমান্তে চোরাচালান রোধে এবং দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি প্রতিনিয়ত সতর্ক ও প্রস্তুত।
সীমান্ত এলাকায় বিজিবির এই কঠোর পদক্ষেপ স্থানীয়দের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে। তারা জানান, দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালানের কারণে সমস্যা বেড়েছিল, যা এবার কিছুটা নিয়ন্ত্রণে আসছে।






















