
গ্রামীণ উন্নয়নে সাহসী পদক্ষেপ: কৈচাপুরে নিজ অর্থে রাস্তা সংস্কার করলেন মাহফুজুর রহমান মুক্তা
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
জনসেবার দায়বদ্ধতা কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা কাজে রূপ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মাহফুজুর রহমান মুক্তা। নিজের উদ্যোগ ও ব্যয়ভারেই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৩ নম্বর কৈচাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন অবহেলিত একটি গ্রামীণ সড়কের সংস্কার কাজ সম্পন্ন করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তাটি স্থানীয়দের জন্য ছিল এক অবর্ণনীয় দুর্ভোগের কারণ। বর্ষা মৌসুমে কাঁদা ও পানি জমে রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠত। শিশু শিক্ষার্থী, বৃদ্ধ, কৃষক ও সাধারণ মানুষদের নিত্যদিনের যাতায়াতে এটি ছিল প্রধান প্রতিবন্ধকতা। অথচ কোনো প্রশাসনিক পদক্ষেপ না থাকায় জনগণের ভরসা হয়ে ওঠেন মাহফুজুর রহমান মুক্তা।
এলাকাবাসীর অনুরোধে তিনি নিজ উদ্যোগে রাস্তাটির সংস্কার কাজ শুরু করেন। সংস্কার কার্যক্রমে স্থানীয় জামায়াত নেতাকর্মী, সহযোগী সংগঠনের সদস্য এবং এলাকাবাসী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। একদিনেই শেষ হয় পুরো কাজ। গর্ত ভরাট, কাঁদা সরানো, খোয়া ও বালু ফেলা—সবই করা হয় সুসংগঠিতভাবে।
এ বিষয়ে স্থানীয় একজন বৃদ্ধ আব্দুল মতিন বলেন,
“এই রাস্তায় হেঁটে হেঁটে কত কষ্ট করেছি! কেউ দেখেনি, কিন্তু মাহফুজুর রহমান মুক্তা নিজে এসে দেখে গেলেন, আবার কাজও করলেন। আল্লাহ উনাকে ভালো করুক।”
এছাড়াও অনেকেই জানিয়েছেন, জনপ্রতিনিধি না হয়েও একজন মানুষ যখন জনগণের দুর্ভোগ দূর করতে এমন পদক্ষেপ নেন, তখন বুঝা যায়—তিনি কেমন প্রতিনিধি হতে পারেন।
এ বিষয়ে মাহফুজুর রহমান মুক্তা বলেন,
“মানুষের কষ্ট দেখেও যদি চুপ করে থাকি, তাহলে রাজনীতি করারই বা মানে কী? আমি চাই, জনগণের প্রয়োজনে পাশে দাঁড়াতে। এটা আমার দায়িত্ব মনে করি।”
তাঁর এমন সাহসী ও জনবান্ধব পদক্ষেপে স্থানীয় জনগণের মধ্যে ফিরে এসেছে আশার আলো। অনেকে বলছেন, এটা যদি এক এমপি প্রার্থীর প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি না হয়ে বাস্তব উদ্যোগ হয়, তবে ভবিষ্যতে তিনিই হবেন এলাকার সঠিক প্রতিনিধি।






















